হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মার্কিন কূটনীতিকদের বৈঠক হয়েছে। বুধবার দুপুরে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় হাটহাজারী দারুল উলূম মাদ্রাসায় আড়াই ঘন্টাব্যাপি এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার পরিদর্শন বইয়ে মিসেস ক্যাথলিন তার মন্তব্য লিখেছেন।
মার্কিন দূতাবাস কর্মকর্তাদের মতবিনিময় প্রসঙ্গে হেফাজত আমীরের প্রেস সেক্রেটারী মাওলানা মুনির আহমদ জানান, আড়াই ঘণ্টা স্থায়ী বৈঠকটি সকাল ১০টায় শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়।
মাওলানা মুনির আহমদ জানান, মিসেস ক্যাথলিন এ সময় যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিক পরিচালিত মাদ্রাসা সম্পর্কে হেফাজত নেতৃবৃন্দ কতটা অবহিত এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের জন্য ক্বওমী মাদ্রাসা নেতৃবৃন্দের কোন প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে আগ্রহী কিনা জানাতে চান। আমরা তাদের বলেছি এ ব্যাপারে পরে অভিহিত করা হবে।
বৈঠকে মার্কিন দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন, দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ক্যাথলিন গিবিলিস্কো এবং সহকারী রাজনীতি বিশেষজ্ঞ লুবাইন চৌধুরী মাসুম।
হেফাজতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী, মাওলানা আনাস মাদানী, যুগ্মমহাসচিব মাওলানা মুঈনুদ্দীন রুহী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হেফাজতের আমীর মাওলানা আহমদ শফির প্রেস সেক্রেটারী মাওলানা মুনির আহমদ, কেন্দ্রীয় নেতা মাওলানা হাবীবুল্লাহ আজাদী ও মাওলানা মুজাম্মেল হক।
সূত্র জানায়, বৈঠকে মিসেস ক্যাথলিন হেফাজত নেতৃবৃন্দর কাছে সংগঠনটির ১৩ দফার আন্দোলন, নীতি আদর্শ, সাংগঠনিক তৎপরতা, গত বছরের ৫ মে শাপলা চত্বরের ঘটনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে চান।
হেফাজত নেতৃবৃন্দ এসব বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরার পাশাপাশি সংগঠনের অরাজনৈতিক ও শান্তিপূর্ণ অবস্থান সম্পর্কে অবহিত করে বলেন, হেফাজতে ইসলামের তৎপরতা কাউকে ক্ষমতায় নেওয়ার জন্য বা নামানোর জন্য নয়। হেফাজতে ইসলাম মুসলমানদের ঈমান-আক্বীদার সুরক্ষার আন্দোলনের পাশাপাশি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্যই কাজ করে যাচ্ছে।
এ সময় মিসেস ক্যাথলিন শাপলা চত্বরের হতাহতের ঘটনা, পবিত্র কুরআন পোড়ানোর ঘটনা এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ নিয়েও খোলা মেলা কথা বলেন।
[b]চট্টগ্রাম,২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]