[b]সিলেট: [/b] সদ্য প্রয়াত কবি দিলওয়ারের ৭৮তম জন্মদিন বুধবার। কবির বাড়ির পাশে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে দিনের বিভিন্ন কর্মসূচি শুরু করেছেন কবি ভক্তরা।
বুধবার সকাল ৯টায় নগরীর ভার্থখলা কবির বাসার ভেতর তার কবরে পুষ্পস্তবক অর্পন করেন কবি দিলওয়ার পরিষদ ও কবির পরিবারের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন কবি দিলওয়ার পরিষদের সদস্য সচিব সুপ্রিয় ব্যানার্জী, কবি শহীদ সাগ্নিক, গবেষক আহমেদ সিরাজ, কবির পরিবারের সদস্য কামরান ইবনে দিলওয়ার, হাফসা খানম, রোজিনা বিনতে দিলওয়ার, বদরুল আলম খান প্রমুখ।
জন্মদিন উপলক্ষে বিকাল ৪টায় কবির ভার্থখলার বাসায় কবির রচিত কবিতা আবৃত্তি ও কবিকে নিবেদিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
১৯৩৭ সালের ১ জানুয়ারি সিলেটের দক্ষিণ সুরমায় জন্ম নেওয়া কবি দিলওয়ার সাহিত্যে অবদানের জন্য ২০০৮ সালে একুশে পদক পান। এর আগে ১৯৮০ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। ১০ অক্টোবর ২০১৩ নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।
১৯৫২ সালে সিলেটের উত্তরসুরমার রাজা জিসি হাইস্কুল থেকে প্রবেশিকা পাস করে এম সি কলেজ থেকে ১৯৫৪ সালে ইন্টারমিডিয়েট পাস করেন দিলওয়ার। শারীরিক অসুস্থতার কারণে সেখানেই তার প্রাতিষ্ঠানিক শিক্ষার যবনিকা ঘটে।
শিক্ষকতার মাধ্যমে পেশাজীবন শুরু হলেও এরপর রাজধানীতে এসে সাংবাদিকতা শুরু করেন কবি। ১৯৬৭ সালে সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক সংবাদে। ১৯৭৩-৭৪ সালে দৈনিক গণকণ্ঠে সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন৷
১৯৭৪ সালে সিলেটে ফিরে ফ্রিল্যান্স সাংবাদিকতার পাশাপাশি পুরোমাত্রায় লেখালেখিতে মন দেন দিলওয়ার।
১৯৬০ সালে আনিসা খাতুনের সঙ্গে বিয়ে হয় দিলওয়ারের। তাদের ছয় ছেলে মেয়ের মধ্যে দ্বিতীয় কিশওয়ার ইবনে দিলওয়ার নিজেও ছিলেন কবি। তিনি মারা গেছেন কয়েক বছর আগে।
বাকি পাঁচ ছেলেমেয়ে হলেন, শাহীন ইবনে দিলওয়ার, নাহিদ বিনতে দিলওয়ার, রোজিনা বিনতে দিলওয়ার, সাজিয়া বিনতে দিলওয়ার ও কামরান ইবনে দিলওয়ার ।
কবি দিলওয়ারের উল্লেখযোগ্য গ্রন্থ হলো- জিজ্ঞাসা, ঐকতান, উদ্ভিন্ন উল্লাস, ফেইসিং দি মিউজিক, স্বনিষ্ঠ সনেট ও রক্তে আমর অনাদি অস্থি। এছাড়া প্রবন্ধ, গান, ও ভ্রমণকাহিনীও লিখেছেন তিনি।