পুলিশের গুলিতে কবীর আহম্মদ (৪৭) নামে এক জামায়াত নেতা আহত হয়েছেন।শুক্রবার ভোররাতে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কবীর আহম্মদ সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহেশপুর ১ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং বাঁকড়া গ্রামের জামালউদ্দীনের ছেলে।
তার ভাই মিজানুর রহমান জানান,বৃহস্পতিবার সকাল ১০টায় কবীর ব্যক্তিগত কাজে সাতক্ষীরা যান।কাজ শেষে বাড়ি ফেরার সময় শহরের পোষ্ট অফিস মোড় থেকে ডিবি পরিচয়ে সাদা পোশাকের পুলিশ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিকাল সাড়ে ৩টায় আশাশুনি থানায় হস্তান্তর করে।রাত ২টায় আশাশুনি থানার পুলিশ তাকে হাত ও চোখ বেঁধে পিকআপে তুলে মহেশ্বরকাটি এলাকায় নিয়ে যায়।সেখানে পিকআপ থেকে নামিয়ে ডান পায়ে অস্ত্র ঠেকিয়ে তাকে গুলি করে।পরে আহত অবস্থায় চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করে।
আশাশুনি থানার ওসি আহসান হাবিব জানান,রাতে মহেশ্বরকাটিতে জামায়াতের গোপন বৈঠক চলাকালে পুলিশ হানা দেয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।পুলিশও পাল্টা গুলি ছোড়ে।এতে কবীর আহম্মদের পায়ে গুলি লাগে।
আহতের ভাই আলাউদ্দীন জানান অস্ত্র উদ্ধারের নামে একটি নাটক সাজিয়ে তার ভাইকে ঠান্ডা মাথায় পায়ে অস্ত্র ঠেকিয়ে পুলিশ গুলি করেছে।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]