পৃথিবীর ১০ জন প্রভাবশালী বাংলাদেশির তালিকা প্রকাশ করা হয়েছে।
এ তালিকায় স্থান পেয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, ইউটিউবের অন্যতম প্রতিষ্ঠাতা জোয়াদ করিম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান খান, জাগো ফাউন্ডেশনের করবি রাখসানদ, আইনজীবী সারা হোসেইন, ক্রিকেটার সাকিব আল হাসান, মেডট্রনিকের সিইও ওমর ইসরাক, সুমাজি মেথডের সুমাইয়া কাজী ও এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার প্রমুখ।
মঙ্গলবার সন্ধ্যায় ব্রিটিশ পার্লামেন্টের কমনওয়েলথ রুমে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন’ এ তালিকা প্রকাশ করে।
এসময় সেখানে প্রভাবশালী বাংলাদেশিদের ভিড় ছিল। ব্রিটিশ সমাজব্যবস্থায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখছেন এমন সব প্রভাবশালী প্রতিভাবান বাংলাদেশি বংশোদ্ভূত ১০০ জন ব্যক্তির তালিকাও প্রকাশ করা হয়।
‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন’-এর পক্ষ থেকে বলা হয়, নতুন প্রজন্মের বাংলাদেশিদের উৎসাহিত করতেই এ উদ্যোগ হাতে নেয়া হয়েছে। এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  
তালিকায় স্থান পাওয়া ব্যক্তিদের নাম ঘোষণা করেন অফিস মিনিস্টার ব্যারোনাস সাইদা ওয়ার্সি, ডানি আলেক্সান্ডার এমপি, বাংলাদেশবিষয়ক অল পার্টি পার্লামেন্টারিয়ান গ্রুপের চেয়ার অ্যান মেইন এমপি, ডেইম টেসা জাওয়েল এমপি, লর্ড করন বিলিমোরিয়া প্রমুখ।
২০১৪ সালের প্রভাবশালী ব্রিটিশ বাংলাদেশি ব্যক্তিত্বদের তালিকাটি ২০টি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। রাজনীতি, ব্যবসা ও শিল্প উদ্যোগ, আবিষ্কার, গণমাধ্যম, ক্রীড়া, সংস্কৃতি, সেলিব্রেটি, রেস্টুরেটার্স ও উদীয়মান প্রতিভা। তা ছাড়া প্রথমবারের মতো ‘পিপলস চয়েস’ নামের নতুন ক্যাটাগরি সংযুক্ত করা হয়েছে। যাঁরা জনসাধারণের ভোটে তালিকায় স্থান পেয়েছেন।  জুরি বোর্ড  সাফল্য ও অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপনকারী পাঁচ ব্যক্তিকে মনোনীত করেছেন।
বিবি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশনে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন ইকবাল আহমেদ ওবিই (চেয়ারম্যান সিমার্ক গ্রুপ ও এনআরবি ব্যাংক) স্বপ্নারা খাতুন (ব্যারিস্টার এবং বিচারক) লুতফুর রহমান (সরাসরি ভোটে প্রথম বাংলাদেশি নির্বাহী মেয়র) আসিফ আনওয়ার আহমদ (থাইল্যান্ডে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত), অধ্যাপক মুরাদ চৌধুরী (ট্রেজারার আরবিএস) এবং মিহির বোস (স্পোর্টস জার্নালিস্ট)। তালিকায় কম পরিচিত আরো কয়েকজন উদীয়মান ব্যক্তিত্ব রয়েছেন, যাঁদের মাঝে রুপা হক (ইলিং আসনে লেবার পার্টির মনোনীত এমপি প্রার্থী), জুবায়ের হক (ফর্মুলা ফোর রেসিং ড্রাইভার)।
প্রসঙ্গত, ২০১২ সাল থেকে ব্রিটিশ বাংলাদেশি ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে আসছে বিবি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশনের প্রতিষ্ঠানটি।
ঢাকা, ২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
[size=3][font=Vrinda]ঢাকা[/font][/size][size=3][font=Times New Roman], [/font][/size][size=3][font=Vrinda]২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//টিআই[/font][/size]