বিষ পান করিয়ে আফসানা নামে এক শিশু হত্যার অভিযোগে কুষ্টিয়া পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, নিহত শিশুর সৎ মা কাজলী খাতুন (২৩) তার ২ বান্ধবী তৃষ্ণা (২০) ও মুনিরা (২১)।
শনিবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী নওয়াজ জানান, খোকসার নিশ্চিন্তবাড়িয়া গ্রামের আসাদ মুন্সীর ২ স্ত্রী কাজলী খাতুন (২৩) ও সীমা খাতুন (২০) একই গ্রামে আলাদা বাড়িতে বসবাস করতেন। সীমা খাতুনের মেয়ে আফসানা।
শনিবার দুপুরে আফসানার সৎ মা কাজলী খাতুন তার বান্ধবী তৃষ্ণা ও মুনিরাকে দিয়ে ২টি কোমল পানীয়ের বোতল সীমা খাতুনের বাড়িতে পাঠায়। সীমা খাতুন ওই কোমল পানীয় মেয়ে আফসানা ও ছোট ভাই শামীমকে খাওয়ানোর পর নিজেও পান করেন। আফসানা বমি করতে থাকলে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সীমা খাতুন ও শামীম অসুস্থ হয়ে পড়লে তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়।
আফসানাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করার পথে সে মারা যায়।
এ ঘটনায় খোকসা থানায় নিহত শিশুর পিতা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে পুলিশ শিশুর সৎ মা কাজলী খাতুন, তৃষ্ণা ও মুনিরাকে গ্রেফতার করে বলে জানান তিনি।
[b]ঢাকা,১১মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]