প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাতের ঘটনায়  ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ৩ প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক কার্যালয়ে দুদকের নিয়মিত সভায় ডিসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়। এই বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক প্রনব কুমার ভট্টাচার্য্য। তিনি বলেন অনুমোদনের পর যে কোনো সময় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হবে।
আসামিরা হলেন- মেসার্স আতিক কনট্রাকশনের মালিক বি এম আতিকুল্লাহ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিসিসি) উপ-সহকারী প্রকৌশলী নির্মল চন্দ্র দে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মেছবাহুল করিম, ডিসিসির সাবেক সহকারী প্রকৌশলী (বর্তমানে পটুয়াখালীর বাউফল উপজেলা চেয়ারম্যান) মো. মজিবুর রহমান ।
জানা যায়, প্রধান আসামি আতিক কনস্ট্রকশনের মালিক আতিকুল্লাহ ঢাকার দয়াগঞ্জের সুইপার কলোনীতে ছয়তলা ভবন নির্মাণ করেন। ডিসিসির ওই ৩ প্রকৌশলীর সহায়তায় ভবন নির্মাণে নিম্ন মানের নির্মাণ সামগ্রি ব্যবহার করেন। ফলে কাজ শেষ হওয়ার আগেই ভবনের প্রায় অর্ধেক অংশ ধসে পড়ে। যেখানে সরকারের (ডিসিসির) ৫৮ লাখ ১৪ হাজার ৫৮৬ টাকা ক্ষতি হয়।
অনুসন্ধানে এই অভিযোগ প্রমাণিত হওয়ায়  তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায়  মামলা করার অনুমোদন দিয়েছে দুদক।
[b]ঢাকা, একে, ২৫ মার্চ ( টাইমনিউজবিডি.কম) // কেবি
[/b]