নাটোরে পৃথক সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে বড়াই গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি থেকে মাটি কেটে নেয়াকে কেন্দ্র করে উপলশহর সোনাপুর গ্রামের মোশাররফ হোসেনের সঙ্গে প্রতিবেশি আলেকচাঁদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে মহিলাসহ কমপক্ষে ৮ জন আহত হয়।
আহতদের মধ্যে রবিউল (২৫) ও ইস্রাফিল (২৭) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রুপ খাতুন (৭০), আলেক চাঁদ (২৯), রুপচাঁদ (৪০) ও মোশাররফ (৩২) কে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, শুক্রবার রাত ৮টার দিকে পূর্ব বিরোধের জের ধরে জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের সুজন ও তার লোকজন সাবেক মেম্বার কফিলউদ্দিনের বাড়িতে হামলা ও লুটপাট চালায়। এ সময় কফিলউদ্দিন ও তার লোকজন বাধা দিতে এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছে।
আহতদের মধ্যে কফিলউদ্দিন মেম্বার (৫৫), শিরিনা বেগম (৪৫), মাসুদ রানা (১৮), সুমন (২৩) ও রোখসানা (২০) কে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বড়াইগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ইব্রাহিম হোসেন জানান, সংঘর্ষের বিষয়ে শুনেছি। তবে কোন ঘটনাতেই এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]