[b]করাচি[/b]: পাকিস্তানের বন্দরনগরী করাচিতে সিআইডি পুলিশের এসপি আসলাম চৌধুরীকে বোমা হামলা চালিয়ে হত্যা করেছে তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি। এ হামলায় ২০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে খবর দিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন। গতকাল বৃহস্পতিবার এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এ ঘটনার পর  করাচিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তালেবানের তিন সদস্য নিহত হয়েছে। এর মধ্যে করাচির কায়েদাবাদ এলাকার তালেবান প্রধান আমানুল্লাহ মেহসুদ রয়েছেন। করাচির সিনিয়র পুলিশ কর্মকর্তা আসলাম চৌধুরী নিহত হওয়ার পর পুলিশের সঙ্গে গোলাগুলিতে তালেবানের তিন সদস্য নিহত হলো।
সিন্ধু পুলিশের প্রধান বলেছিলেন, হামলায় ২০ থেকে ২৫ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। তালেবান সদস্যরা আসলাম চৌধুরীকে হত্যাকাণ্ডের জন্য বিস্ফোরক বোঝাই একটি পিকআপ ব্যবহার করে।
আসলাম চৌধুরীর হতাকাণ্ডের নিন্দা ও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তান সিনেটে আজ শুক্রবার সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস হয়েছে। করাচির সন্ত্রাসবিরোধী অভিযানে আসলাম চৌধুরীর ব্যাপক অবদান রয়েছে।