ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন মেনে নেয়নি জনগণ।
কারসাজির নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগদ্যতা পায়নি উল্লেখ করে তিনি বলেছেন, নির্দলীয় সরকারের দাবির যৌক্তিকতা প্রমাণ হয়েছে প্রহসনের নির্বাচনের মাধ্যমে।
আজ বুধবার বিকেল ৪টা ১ মিনিটে রাজধানীর গুলশান-২ এর হোটেল ওয়েস্টিনের বলরুমে শুরু হওয়া সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে দেশ-বিদেশি প্রায় দুই শতাধিক গণমাধ্যমকর্মীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, ড. আর এ গনি, ড. আব্দুল মঈন খান,  লে. জে. (অব.) মাহবুবর রহমান, বেগম সরওয়ারি রহমান, ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক, আলতাফ হোসেন চৌধূরী, শমসের মবিন চৌধূরী, চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট জয়নুল আবেদীন, এ্যাডভোকেট আহমদ আযম খান, রিয়াজ রহমান, সাবিহ উদ্দীন আহমেদ, অধ্যাপক এম এ মান্নান, দলের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি ও আসাদুল করীম শাহীন প্রমুখ।
তবে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির বেশ কয়েকজন নেতাকে সংবাদ সম্মেলনে অনুপস্থিত ছিলেন।
এদিকে ১৮ দলীয় জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. রেদোয়ান উল্লাহ শাহিদী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, এলডিপির চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আবদুল কাদের, কল্যাণ পার্টি চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান শেখ  শওকত হোসেন নিলু, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মোবিন, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, পিপলস লীগের সভাপতি গরিবে নেওয়াজ, ডেমক্রেটিক লীগের সভাপতি সাইফুদ্দিন মনি প্রমুখ।