উপজেলা নির্বাচনে হতে যাচ্ছে আসল ভোটের লড়াই। এই নির্বাচনে প্রথম ধাপে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোটের মাঠে এ দু’দলের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই।
প্রথম ধাপে ১০২ উপজেলার তফসিল ঘোষণা করা হলেও সীমানা সংক্রান্ত জটিলতার কারণে ৪টি বাদে ৩৮ জেলার ৯৮টি উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে।
শনিবার ছিল এসব উপজেলায় মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন ৯৮ উপজেলায় চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রায় এক হাজার ব্যক্তির মনোনয়নপত্র দাখিলের খবর পাওয়া গেছে। ১৯ ফেব্রুয়ারি এসব উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় এ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের এরই মধ্যে সর্বশক্তি নিয়ে মাঠে থাকার নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড। অন্যদিকে আওয়ামী লীগও একক প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে। এ নির্বাচনে ভোটের মাধ্যমেই নিজেদের জয় নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ। বিএনপি মনে করছে,৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট বর্জন করে সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে। একইভাবে উপজেলা নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে ভোট দিয়ে আবারও অনাস্থা প্রকাশ করবে।
দলের তৃণমূল শক্তিশালী করার জন্য দু’দলই এ নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করছে।