লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজার এলাকায় জামায়াত নেতা আমিনুল ইসলাম ফারুকের বাড়িতে হামলা চালিয়েছে যুবলীগ কর্মীরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হামলা চালিয়ে আমিনুল ইসলামের বাড়ির ফ্রিজ, আলমারীসহ বিভিন্ন আসবাবপত্র গুড়িয়ে দিয়েছে তারা।
জেলা জামায়াতের প্রচার সম্পাদক মহসিন কবির মুরাদ জানান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী খোকনের নেতৃত্বে যুবলীগের কর্মীরা এ হামলা চালায়।
চরআবাবলি ইউনিয়নের যুবলীগ সভাপতি কৌশিক আহম্মদ সোহেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনিসহ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন মোল্লার নেতৃত্বে জামায়াত-শিবিরকে ধাওয়া করা হয়। এ সময় তারা অভিযোগ করেন সরকার বিরোধী কর্মকাণ্ড ও বিভিন্ন মসজিদে বৈঠক করায় ধাওয়া করা হয়েছে।
রায়পুর থানা উপ-পরিদর্শক একে এম মঞ্জুরুল হক আকন্দ জানান, জামায়াত-যুবলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে।
এছাড়াও হায়দরগঞ্জ বাজারের, স্থানীয় মডেল স্কুল এন্ড কলেজ ও তাহিয়া মাদরাসা লক্ষ্য করে সাত থেকে আটটি বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে আওয়ামী লীগের কর্মীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঢাকা, ২০মে (টাইমনিউজবিডি.কম) //জেডআই