[b]ওয়াশিংটন: [/b]এফবিআই পরিচালক জেমস কমি  বলেছেন,তিনি মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসকারী এডোয়ার্ড স্নোডেনকে হুইসল ব্লোয়ার বা নায়ক হিসেবে অভিহিত করার যোগ্য বিবেচনা করেন না।
বৃহস্পতিবার তিনি বলেন,স্নোডেনকে বিভিন্ন খবরে এই অভিধা দেয়ায় তিনি অবাক হয়েছেন।
স্নোডেনকে ক্ষমা করে দেয়ার জন্য নিউইয়র্ক টাইমস ও গার্ডিয়ান পত্রিকা যে আহ্বান জানিয়েছে, সেটা  নাকচ করে দেন ফেডারেল ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড ইনভেস্টিগেশন (এফবিআই) প্রধান কমি।
কমি কয়েকজন সাংবাদিকের একটি ছোট্ট দলকে বলেন,‘আমার বিবেচনায় দেশের স্থপতিরা যেভাবে চেয়েছিলেন সরকার সেভাবেই কাজ করছে।’
কমি বলেন, ‘তাই আমাদের সরকার যে পদ্ধতিতে গঠিত এবং কাজ করে তার সঙ্গে মৌলিকভাবে দ্বিমত পোষণ করে এমন কাউকে হুইসল ব্লোয়ার অভিধা দেয়ায় আমার আপত্তি আছে।’
উল্লেখ্য, স্নোডেনের ফাঁস করা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিশ্বব্যাপী ইন্টারনেট ও টেলিফোনের ওপর ব্যাপক নজরদারি চালাচ্ছে। স্নোডেনের ফাঁস করা তথ্যের কারণে যুক্তরাষ্ট্রের ভেতরে-বাইরে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে রাজনৈতিক ও আইনগত বিতর্কেরও সৃষ্টি হয়।
স্নোডেন বর্তমানে এক বছরের রাজনৈতিক আশ্রয়ে মস্কো রয়েছেন। এদিকে মার্কিন আদালতগুলো যুক্তরাষ্ট্রের এই ব্যাপক গোয়েন্দা নজরদারির আইনি বৈধতা খতিয়ে দেখছে এবং হোয়াইট হাউসও এ কর্মসূচির একটি অভ্যন্তরীণ পর্যালোচনা করেছে।
স্নোডেনের বিরুদ্ধে গুপ্তরবৃত্তি আইনে অভিযোগ আনা হয়েছে। এ ক্ষেত্রে তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ সম্পর্কে কমি বিস্তারিত কিছু জানাননি।