[b]ঢাকা : [/b]একদলীয় তামাশার নির্বাচনের জন্য গিনেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম লেখা থাকবে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারা’র সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
তিনি বলেন, 'একতরফার নির্বাচন করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে ২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের স্বপ্ন দেখানো সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই না।'
শনিবার জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবীদের গণঅনশন কর্মসূচিতে এসব কথা বলেন সাবেক এই রাষ্ট্রপতি।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও বাসার সামনে বোমা হামলা, সুপ্রিম কোর্টে, জাতীয় প্রেস ক্লাবে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে, গণতন্ত্র-আইনের শাসন, মানবাধিকার, গণহত্যা বন্ধ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রহসনের নির্বাচন স্থগিতপূর্বক সমঝোতার ভিত্তিতে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচনের দাবিতে গণঅনশনের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, 'আপনি (প্রধানমন্ত্রী) একদিকে একতরফা নির্বাচন করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন, দেশের অর্থনৈতিক অবস্থার বারোটা বাজাবেন আবার অন্যদিকে দেশের মানুষকে উন্নত বিশ্বের স্বপ্ন দেখাবেন-এটা জনগণের সঙ্গে চিটিং (প্রতারণা) করা। এর মাধ্যমে আপনি মানুষকে ধোঁকা দিচ্ছেন।'
তিনি বলেন, 'সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে দেশে আজ সংকট তৈরি হয়েছে। দেশের এই অবস্থায় গামের্ন্টস শিল্পের ৪০ শতাংশ অর্ডার ভারতে চলে গেছে। এভাবে চলতে থাকলে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে।'
তিনি আরো বলেন, 'একতরফার নির্বাচন করে আরো পাঁচ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন জনগণ পূরণ হতে দেবে না।'
আগামীকালের নির্বাচনকে তামাশার নির্বাচন আখ্যায়িত করে তিনি বলেন, 'যে নির্বাচনে ১৫৩ আসনের ভোটারদের অধিকার কেড়ে নেয়া হয়েছে তা শতাব্দীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।'
সংগঠনের আহ্বায়ক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহল আমীন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর এমাজউদ্দীন আহমদ, বিকল্পধারার মহাসচিব সাবেক মন্ত্রী মেজর অব. আব্দুল মান্নান, ড্যাবের মহাসচিব ডা. এজেডএম জাহিদ, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধানসহ পেশাজীবী পরিষদের নেতারা।





