রাজধানীর বনশ্রী এলাকায় বিকাশের এক বিক্রয় প্রতিনিধি সালাউদ্দিনকে (২৮) ছুরিকাঘাত করে ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, খিলগাঁও ঝিলপাড় এলাকা থেকে বিকাশ এজেন্টের স্বত্ত্বাধিকারী লিটনের নির্দেশে মঙ্গলবার সকালে বিক্রয় প্রতিনিধি সালাউদ্দিন বিকাশের টাকা লোড করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। সালাউদ্দিন বনশ্রীর বিভিন্ন এলাকায় গিয়ে বিকাশের এজেন্টদের লোড করা টাকা সংগ্রহ করে খিলগাঁওয়ের অফিসে ফিরছিলেন।
ফেরার পথে মেরাদিয়া দক্ষিণ বনশ্রীর শুক্কুর আলী গার্মেন্টসের সামনে মোটর সাইকেল আরোহী ২ যুবক তার গতিরোধ করে ছুরিকাঘাত করে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, বিষয়টি জেনে তিনি ঘটনাস্থলে ছুঁটে যান। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত বিকাশ প্রতিনিধি সালাউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। টাকা ছিনতাইয়ের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, জেইউ, ২০মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ

[/b]