উপমহাদেশে বাংলা সাহিত্যের নান্দনিক স্রষ্টা ও প্রখ্যাত ছোটগল্পকার হাসান আজিজুল হক অসুস্থ।
পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ৯ দিন আগে তিনি হঠাৎ বাড়ির বাথরুমের মেঝেতে পড়ে যান। এতে মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পান।
এরপর থেকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডা. সুব্রত কুমারের অধীনে চিকিৎসা নিচ্ছেন। বাড়িতে তার বড় মেয়ে শুচি তাকে দেখাশোনা করছেন।
উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার, ঔপন্যাসিক, অধ্যাপক হাসান আজিজুল হকের দ্রুত সুস্থতা কামনা করেছেন তার শুভাকাঙ্খীরা।
হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন।
জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন। বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক হাসান আজিজুল হক বাংলা ভাষার একজন প্রথিতযশা গল্পকার।
তিনি ১৯৬৭ সালে আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আরো অনেক পুরস্কার, পদক ও সম্মানে ভূষিত হন তিনি। ১৯৯৯ সালে তিনি একুশে পদক লাভ করেন। এছাড়া ২০১২ সালে আসাম বিশ্ববিদ্যালয় থেকে সন্মানসূচক ডি-লিট ডিগ্রি পান তিনি।
হাসান আজিজুল হক ১৯৫৮ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে দর্শনশাস্ত্রে সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬০ সালে একই প্রতিষ্ঠান থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৬০ থেকে ১৯৭৩ পর্যন্ত তিনি রাজশাহী সিটি কলেজ, সিরাজগঞ্জ কলেজ, খুলনা গার্লস কলেজ এবং দৌলতপুর ব্রজলাল কলেজে অধ্যাপনা করেছেন।
১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। এ বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সাল পর্যন্ত অধ্যাপনা করেন। ২০০৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার পদের জন্য মনোনীত হন।
হাসান আজিজুল হকের উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে, গল্পগ্রন্থ-সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য (১৯৬৪), আত্মজা ও একটি করবী গাছ (১৯৬৭), জীবন ঘষে আগুন (১৯৭৩), নামহীন গোত্রহীন (১৯৭৫), পাতালে হাসপাতালে (১৯৮১), হাসান আজিজুল হকের শ্রেষ্ঠগল্প (১৯৯৫)। উপন্যাস-বৃত্তায়ন (১৯৯১), আগুনপাখি (২০০৬), শিউলি। নাটক-চন্দর কোথায় (জর্জ শেহাদের নাটকের ভাষান্তর)। প্রবন্ধ-চালচিত্রের খুঁটিনাটি, একাত্তর : করতলে ছিন্নমাথা, কথাসাহিত্যের কথকতা, অপ্রকাশের ভার, অতলের আধি, সক্রেটিস। এছাড়াও তার আরও অসংখ্য গ্রন্থ পাঠককূলে সমান জনপ্রিয়তা পেয়েছে।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // এনএস[/b]
শ্রেণীহীন
কথাসাহিত্যিক হাসান আজিজুল হক অসুস্থ
উপমহাদেশে বাংলা সাহিত্যের নান্দনিক স্রষ্টা ও প্রখ্যাত ছোটগল্পকার হাসান আজিজুল হক অসুস্থ। পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ৯ দিন আগে তিনি হঠাৎ বাড়ির বাথরুমের মেঝেতে পড়ে যান। এতে মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পান।





