চতুর্থ উপজেলা নির্বাচনের প্রথম দফা থেকে পঞ্চম দফা নির্বাচনের সকল তথ্য বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানায়,উপজেলা নির্বাচনে দলভিত্তিক ভোটারের হিসেব ও মোট কত ভোট পড়েছে তা জানতে চায় প্রধানমন্ত্রীর কার্যালয়।
ইসি থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেগুলো হলো-প্রধাম  থেকে পঞ্চম দফা  পর্যন্ত ৪৫৮টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথম  দফায় ১০২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও নির্বাচন হয় ৯৮ উপজেলায়।
দ্বিতীয়  দফায়,১১৭টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও ১১৫টি উপজেলায় নির্বাচন হয়। তৃতীয় দফায়, ৮৩ উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও ভোট হয় ৮১ উপজেলায়।
চতুর্থ দফায়, ৯২ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও নির্বাচন হয় ৯১ উপজেলায়। পঞ্চম  দফায়,৭৪ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও ভোট হয় ৭৩ উপজেলায়।
এছাড়া, প্রথম পর্যায়ে ১১টি কেন্দ্র,দ্বিতীয় পর্যায়ে ৩৭টি কেন্দ্র,তৃতীয় পর্যায়ে ৩৩টি কেন্দ্র,চতুর্থ পর্যায়ে ৩৪টি কেন্দ্র ও পঞ্চম পর্যায়ে ২৫ ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো তথ্যে আরও জানানো হয়,প্রথম  দফায় মোট ভোটার ছিল এক কোটি ৬৪ লাখ ৭৮ হাজার একশ ৭২ জন,ভোট কেন্দ্রের সংখ্যা ছয় হাজার ৯৯৫ টি,দ্বিতীয় দফায় মোট ভোটার এক কোটি ৯৪ লাখ ৬৮ হাজার পাঁচশ ২২ জন,মোট ভোট কেন্দ্রের সংখ্যা সাত হাজার ৯৮৩টি।
তৃতীয় দফায় মোট ভোটার ৬৮ লাখ চারশ ৩৫ জন,মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫ হাজার ৫৯৭টি,চতুর্থ দফায় মোট ভোটার ১ কোটি ৪৩ লাখ ২৫ হাজার,৬৪৪ জন,মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬ হাজার ১০০টি এবং পঞ্চম দফায় মোট ভোটার ১ কোটি ৩৮ লাখ ৯১ হাজার ৭৫১ জন ও মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫ হাজার ৫৩৪টি।  
প্রথম থেকে পঞ্চম দফা পর্যন্ত মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫২৪ জন । আর মোট কেন্দ্র ৩২ হাজার ২০৯টি।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসি সচিবালয়ের এক কর্মকর্তা বলেন,প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চতুর্থ উপজেলা নির্বাচনের (প্রথম থেকে পঞ্চম দফা পর্যন্ত) সকল তথ্য চাওয়া হয়েছিল। বৃহস্পতি বার সকল তথ্য পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ০৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]