[b]ঢাকা:[/b] সংগীতশিল্পী আসিফ আকবরের ভূয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি তার একাধিক ভূয়া অ্যাকাউন্ট থেকে বিভিন্ন লোকজনের কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে জানা গেছে।
তবে আসিফ জানিয়েছেন,ফেসবুকে তার নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই। তার নামে ব্যবহার করে বেশ কয়েকটি ভুয়া অ্যাকাউন্ট কে বা কারা খুলেছে-তা তিনি জানেন না।
আসিফ বলেন,“ফেসবুকে এখন পর্যন্ত আমার কোনো অ্যাকাউন্ট নেই। তাছাড়া ফেসবুক নিয়ে ব্যস্ত থাকার জন্য অফুরন্ত সময়ও আমার হাতে নেই। আর এ জন্যই এটা থেকে দূরে আছি। তবে যে হারে আমার নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট অপারেট করে মানুষকে প্রতারিত করা হচ্ছে, ভাবছি খুব শিগগির নিজের একটি সত্যিকারের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে তা প্রতিহত করতে হবে।”
তিনি আরো বলেন,“আমার নাম করে ফেসবুকে চাঁদা দাবি করার নানা ধরনের গল্প এর আগেও শুনেছি। পুরো বিষয়টি আমার জন্য সত্যিই অনেক বিব্রতকর। দেশে ও দেশের বাইরে যেখানেই আমার ভক্ত-শ্রোতারা আছেন,তাদের অনুরোধ করব,আমাকে নিয়ে ফেসবুক-সংক্রান্ত কোনো কিছুতে আপাতত আপনারা কান দেবেন না। এখন পর্যন্ত ফেসবুকে আমার নামে যত অ্যাকাউন্ট আছে সবই ভুয়া। দয়া করে কেউ কোনো ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না। ভূয়া অ্যাকাউন্টগুলো যারা অপারেট করছে,তাদের কার্যক্রম বন্ধ করার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা ভাবছি।”