রোববার ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে এর লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে সাজ্জাদ হোসাইন হৃদয় লেখেন, 'ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।'

তার ওই পোস্টের পরই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করা হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না’—এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

জানতে চাইলে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয় আমার দেশকে বলেন, আমার সংগঠনের প্রতি আমার শতভাগ আনুগত্য রয়েছে। দল বা সংগঠন থেকে যদি আমাকে আমার পোস্টকেন্দ্রিক এ বিষয়ে কোনো শোকজ করা হয়, তবে আমি নিয়ম অনুযায়ী আমার সাংগঠনিক জায়গায় যথাযথভাবে এর জবাব দেব।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বিরাজ করছে এবং সারা বিশ্বেই তেলের দাম বেশি। আমাদের দেশে বাংলাদেশ সরকার অনেকদিন দাম কমায়নি, পরে পরিস্থিতি বিবেচনায় দাম বাড়াতে বাধ্য হয়েছে। আমি মূলত সেটির একটি ব্যাখ্যা দিয়ে ফেসবুকে পোস্টটি দিয়েছিলাম।

উল্লেখ্য, গতকাল রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকায় বিক্রি হবে।

এমএম