মুক্তিযুদ্ধের সময় পরিচালিত স্বাধীন বাংলা বেতারের  কন্ঠশিল্পী শাহ আলী সরকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
সোমবার রাত সোয়া ৮টার দিকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঢেকুরিয়ার নিজ জন্মভূমিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
আজ মঙ্গলবার বাদ জোহর মাইজবাড়ি দাখিল মাদরাসা মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
সন্ধ্যার পর থেকে শাহ আলী তার বাড়ির পাশের ঢেকুরিয়া বাজারে চায়ের দোকানে বসা ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক তার মৃত্যু হয়। জীবিতাবস্থায় এই শব্দ সৈনিক অর্থ কষ্টে ভুগছিলেন।
রংপুর কারমাইকেল কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন শাহ আলী। এরই মধ্যে মুক্তিযুদ্ধ শুরু হলে ভারতে গিয়ে স্বাধীন বাংলা বেতার সংগঠনের কাজ শুরু করেন। যেখানে তিনি প্রথম কণ্ঠ দেন নিজের লেখা ও সুরে, ‘আরে ও বাঙ্গালীরে দুশমনদেরে দেশে রাইখোনা’ এই গানটি।
১৯৯৬ সাল থেকে স্বজনদের ছেড়ে একাকী জীবনযাপন করতেন শাহ আলী। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।