[b]ঢাকা:[/b] বাংলাদেশের তরুণদের সাহিত্যচর্চা ও সাধনাকে আরো গতিশীল এবং সাহিত্যের বিকাশ ও সৃজন উদ্যোগকে আরো প্রাণময় করার লক্ষ্যে বিশ্বের স্থানীয় ব্যাংক এইচএসবিসি ও মাসিক সাহিত্য পত্রিকা কালি ও কলম পাঁচটি বিভাগে তরুণ কবি ও লেখক পুরস্কার দিবে। পাঁচটি বিভাগের প্রতিটি ক্ষেত্রে এক লক্ষ টাকা করে মোট পাঁচ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে।
বিভাগগুলো হলো- কবিতা, ছোটগল্প ও উপন্যাস, প্রবন্ধ, গবেষণা ও নাটক, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বা প্রবন্ধ, শিশু ও কিশোরদের জন্য রচিত কবিতা, গল্প ও উপন্যাস।
লেখা পাঠাতে পারবেন ১৮ থেকে ৪০ বছর বয়সী বাংলাদেশের নাগরিক ও বিদেশে বসবাসরত বাংলাদেশি কবি ও লেখকরা। ২০১২ সালের জুলাই থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত প্রকাশিত গ্রন্থসমূহ এই প্রতিযোগিতায় গ্রহণযোগ্য হবে।
লেখা পাঠানোর ঠিকানা বেঙ্গল সেন্টার, প্লট ২, সিভিল এভিয়েশন, নিউ এয়ারপোর্ট রোড, পোস্ট-খিলক্ষেত, ঢাকা ১২২৯।
২০১৪ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে।
এ পর্যন্ত ১৭ জন বিজয়ী লেখক এই পুরস্কার পেয়েছেন।