নানার বাড়ি বেড়াতে এসে বুয়েটের এক ছাত্রসহ দুইজন নদীতে ডুবে মারা গেছে। আহত হয়েছেন আরো তিনজন। নিহতরা হলেন- বুয়েটের ছাত্র রিফাত (২২) ও তার বন্ধু তাজ (২১)।
রোববার বিকাল তিনটায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ছাইহাটা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কয়েকজন বন্ধু-বান্ধবী সাথে নিয়ে রিফাত তার নানার বাড়ি ছাইহাটা গ্রামে বেড়াতে আসে। দুপুরে তারা পার্শ্ববর্তী বাঙ্গালী নদীতে গোসল করতে যায়। এ সময় নদীতে তাজ ডুবে যায়। তাকে উদ্ধার করতে যায় রিফাত। এক পর্যায়ে দু’জনই পানিতে ডুবে যায়। ওই দু’জনকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যায় রেজা আকতার (২২), সামা খাতুন (২০) এবং বাবু (২০)।
খবর পেয়ে স্থানীয় লেকজন জাল ও নৌকা নিয়ে খুজে ৫ জনকেই উদ্ধার করে। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকাল সাড়ে চারটায় রিফাত ও তাজের মৃত্যু হয়। আহত তিনজন সারিয়াকান্দি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]