জমি নিয়ে বিরোধের জের ধরে খুলনা জেলার কয়রা উপজেলায় সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতের নাম জাহাবাদ মোল্লা। তিনি স্থানীয় যুবলীগ কর্মী। সংঘর্ষের ঘটনায় পুলিশ ছয় জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়রা উপজেলার জায়গীর মহল গ্রামে আড়াই বিঘা জমি নিয়ে ওয়াসার আলী মোল্লার পরিবারের সঙ্গে ওমর আলী মোল্লা পরিবারের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ওয়াসার আলী মোল্লার ছেলে ওসমান, আলী, তৈয়ব ও প্রতিবেশি রাজ্জাক গাজীর নেতৃত্বে অর্ধশতাধিক লোক ধারালো অস্ত্র নিয়ে ওমর আলী মোল্লার ছেলে জাহাবাদ মোল্লাকে তাড়া করে। এসময় জাহাবাদ মোল্লার লোকজন খবর পেয়ে এগিয়ে আসে। কিন্তু এর আগেই ওয়াসার মোল্লার সমর্থকরা জাহাবাদকে কুপিয়ে আহত করে। পরে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের খুলনাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, জায়গীর মহল হাসপাতাল থেকে আহতাবস্থায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
[b]ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]