শ্বশুরবাড়িতে বেড়াতে এসে রহস্যজনক মৃত্যু হয়েছে এক যুবকের। নিহত যুবকের নাম মো. মাকছুদুর রহমান (২৬) বলে জানা যায়।
সদর উপজেলার হোগলডুহরী গ্রাম থেকে বৃহস্পতিবার রাত ২টায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মাকছুদ একই উপজেলার আলীপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। দুই বছর আগে তিনি হোগলডুহরী গ্রামের মনির হোসেনের মেয়ে শুক্করী বেগমকে বিয়ে করেন। তাদের ৭ মাসের একটি কন্যাশিশু রয়েছে।
স্থানীয় সূত্রে আরো জানা যায়,  মাকছুদ বেশিরভাগ সময় শ্বশুরবাড়িতে থাকতেন। বুধবার পারিবারিক বিরোধের জের ধরে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে তারা মাকছুদকে মারধর করেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় তার শ্বশুর ঘরের পাশের একটি ছোট আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ রাত ২টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে। মাকছুদ পেশায় জেনারেটর মিস্ত্রি ছিলেন।
মাকছুদের বাবা নূর মোহাম্মদ বলেন, মাকছুদের সঙ্গে তার সন্ধ্যার দিকে মোবাইল ফোনে কথা হয়েছে। ঘটনার আলামত দেখে তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন তিনি। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করবেন বলে তিনি জানান।
সদর থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]