মানিকগঞ্জের ঘিওর উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে পাচারের সময় ট্রাকসহ ২০ টন চাল জব্দ করেছে পুলিশ। এছাড়া ট্রাক চালক তোফাজ্জল হোসেন এবং তার সহকারী সেকেন্দারকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত ৩ টার দিকে চালসহ ট্রাকটিকে ধামরাই উপজেলার বাথুলি কন্ট্রোল লোড স্টেশন এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, খাদ্য বিভাগের অসাধু কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজসেই ওই চাল কালোবাজারে বিক্রির জন্য নেয়া হচ্ছিল।
সহকারী পুলিশ সুপার (ঘিওর সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান জানান,মঙ্গলবার রাতে ঘিওর খাদ্য গুদাম থেকে ২০ টন চাল নিয়ে একটি ট্রাক বের হয়। সন্দেহ হলে ঘিওর পুলিশ চ্যালেঞ্জ করে।
এ সময় ট্রাকের চালক কাগজপত্র দেখিয়ে বলে ওই চাল মানিকগঞ্জে সদর খাদ্য গুদামে নেয়া হচ্ছে। কিন্তু এতেও পুলিশের সন্দেহ দূর হয়নি। পুলিশের একটি দল চালের ট্রাকটিকে অনুসরণ করতে থাকে।
ট্রাকটি মানিকগঞ্জ শহরে না ঢুকে ঢাকার দিকে চলতে থাকে। পুলিশ পিছু নিয়ে ঢাকার ধামরাই উপজেলার বাথুলি এক্সেল লোড কন্ট্রোল স্টেশনের কাছে ট্রাকটিকে আটক করে।
তিনি আরও জানান,এ ঘটনায় খাদ্য বিভাগের পরিবহণ ঠিকাদার মাহাবুব আলম সুমন, ব্যবসায়ী কবির হোসেন,ট্রাক চালক তোফাজ্জল হোসেন এবং তার সহকারী সেকেন্দারকে আসামি করে ঘিওর থানায় মামলা করা হয়েছে। এর সঙ্গে খাদ্য বিভাগের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘিওর খাদ্য গুদাম কর্মকর্তা সাইদুজ্জামান জানান,চলাচল কর্মসূচির আওতায় মঙ্গলবার ২০ টন চাল নিয়ে ওই ট্রাক মানিকগঞ্জ সদর গুদামে যাচ্ছিল। বৈধ কাগজপত্র দেখিয়ে পরিবহণ ঠিকাদার মাহাবুব আলম সুমন এই চাল পরিবহণ করছিল। বিকাল সাড়ে ৪টার দিকে তিনি ঠিকাদারকে ওই চাল বুঝিয়ে দেন। এরপর কি হয়েছে তা তার জানা নেই।
মানিকগঞ্জ সদর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা খোন্দকার সেলিম জানান,মঙ্গলবার তিনি ঘিওর গুদাম থেকে পাঠানো এবং ঠিকাদার মাহাবুব আলমের পরিবহণ করা ২০ টন চাল বুঝে নিয়েছেন। পুলিশের হাতে আটক চাল কার তা তিনি বলতে পারেননি।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ

[/b]