[b]ঢাকা:[/b] আগামী ১৮ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। মঙ্গলবার বাংলাদেশ হকি ফেডারেশনের লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। হকি অঙ্গনের বড় দুই ক্লাব ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান ও মেরিনার্স ইয়াংস ক্লাব এই লিগে অংশ নিচ্ছে না। সেই সাথে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ও ওয়ারী ক্লাবও লিগে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে। এই চার ক্লাব হকির বর্তমান কমিটির অধীনে কোনো লিগ বা টুর্নামেন্টে অংশ নেবে বলে সাফ জানিয়ে দিয়েছে।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানান, সাত দলের অংশগ্রহণে এবারের প্রিমিয়ার লিগ হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চার দল সুপার লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে।
অংশগ্রহণকারী সাতটি দল হলো: ঢাকা আবাহনী লিমিটেড, ঊষা ক্রীড়া চক্র, আজাদ স্পোর্টিং ক্লাব, সোনালী ব্যাংক, অ্যাজাক্স ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব এবং সাধারণ বীমা।
এছাড়া আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে ক্লাব কাপ হকি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার ফাইনাল ১৫ জানুয়ারি।





