গাজীপুর: জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টারকে লাঞ্ছিত করার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রুটে ট্রেনচলাচল দেড় ঘণ্টা বন্ধ থাকার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার রাত পৌনে ৮টায় দুর্বৃত্তরা জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউদ্দিনকে লাঞ্চিত করাকে কেন্দ্র করে এঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে ট্রেনচলাচল শুরু হয়।
রেলওয়ে পুলিশ জানায়, রাত পৌনে ৮টার দিকে জয়দেবপুর রেলস্টেশনে এসে সাখাওয়াত হোসেনের নেতৃত্বে তিনজনের সন্ত্রাসী দল স্টেশন মাস্টার জিয়াউদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় ওই রুমে জয়দেবপুর জংশনের সহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, এসএসএই/ওয়ে আশরাফুল ইসলামসহ কয়েকজন উপস্থিত ছিলেন।
সহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনার পর জংশনের সব কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতি শুরু করেন। এর ফলে রাত সাড়ে ৮টা থেকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনে আটকা পড়ে। রাত ১০টার দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ট্রেনচলাচল শুরু হয়।
এব্যাপারে স্টেশন মাস্টার জিয়াউদ্দিন জানান, রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বুধবার বিষয়টি সুরাহা করার আশ্বাস দেওয়ায় কর্মবিরতি বাতিল করা হয়েছে।
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// জেইউ