৩৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১৭৪৯ জন কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে সরকারি কর্ম কমিশন (পিএসসি) দ্রুত বিজ্ঞপ্তি জারি করবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
প্রতিমন্ত্রী রোববার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের উত্তরে সংসদকে এসব তথ্য জানান।
এসময় তিনি আরা বলেন,চলতি ২০১৩-১৪ অর্থবছরে ৩২তম বিসিএস (বিশেষ) এর মাধ্যমে ১৬২৭ জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া ৩৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে পিএসসি কর্তৃক সুপারিশকৃত ৮৩৭৭ প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ৩৪তম বিসিএস’র মাধ্যমে নিয়োগের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া বর্তমান অর্থবছরে দ্বিতীয় শ্রেণীতে ১৫ জন,তৃতীয় শ্রেণীতে ৭০ জন ও চতুর্থ শ্রেণীতে ২৬ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের লক্ষ্য রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
অন্যদিকে সংসদ সদস্য শিরিন আখতারের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে জনপ্রশাসনে নারী ও পুরুষের হার এক অনুপাত তিন দশমিক ৪৬। সরকারি চাকরিতে সাধারণভাবে সরাসরি নিয়োগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদের ক্ষেত্রে মহিলা কোটা ১০ ভাগ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের ক্ষেত্রে ১৫ ভাগ নির্ধারিত রয়েছে।
তিনি আরও বলেন,এই কোটার বাইরেও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ‘মেধা কোটায়’ সরাসরি নিয়োগের ক্ষেত্রে নারীদের চাকরি পাওয়ার সুযোগ রয়েছে।
তবে প্রতিমন্ত্রী আরো জানান,নারীদের জন্য সরকারি কোটা বৃদ্ধির বিষয়ে সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]