১ মাস পর চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া লিমিটেডের অপহৃত হিসাবরক্ষণ কর্মকর্তা আবু বকরকে গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাইফুল ইসলাম ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) তৌহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল মন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানার দক্ষিণ পাইকপাড়া এলাকার কাজী কসবা থেকে তাঁকে উদ্ধার করে।
বুধবার সকালে এসি তৌহিদুল ইসলাম জানান, আবু বকরকে অপহরণের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন নয়ন, বাবু, নয়ন ও মিলন। এ ব্যাপারে আজ প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
গত ২৬ এপ্রিল সকাল ১০টার দিকে মিরপুরের বাসা থেকে অফিসের উদ্দেশে বেরিয়ে যান আবু বকর। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর স্ত্রী সানজিদা আফরিন স্বামীর মুঠোফোনে যোগাযোগ করে তা বন্ধ পান। এ ব্যাপারে ২৬ এপ্রিল রাতেই পরিবারের পক্ষ থেকে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
[b]ঢাকা, ২৮ মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]