মাদারীপুরের শিবচরের পুলিশের গুলিতে কিরণ বেপারি নামের ১ ব্যক্তি নিহত হয়েছেন। তবে পুলিশ দাবি করেছে চরমপন্থী সংগঠনের এ নেতা বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বুধবার ভোরে নিলখীর বাগমারা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ১ টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলিসহ বেশকিছু গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার ভোরে কিরণ ও তার ২ সহযোগীকে ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে পুলিশ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাসুদ খান জানান, বৃহস্পতিবার শিবচরের পাচ্চরে কানাডা প্রবাসী বাহালুল সরদারের কাছে দেড় লাখ টাকা চাঁদা চেয়ে চরমপন্থী সংগঠন সর্বহারার পক্ষ থেকে চিঠি দিয়ে কাফনের কাপড় পাঠানো হয়।
এ ঘটনায় পর এএসআই নিউটন দত্তের নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে কিরণ এবং তার সহযোগী শিবলু শেখ ও জামাল শেখকে ১১ রাউন্ড গুলি, বেশ কিছু মোবাইল ফোন সেট ও সিমসহ পাচ্চর এলাকা থেকে আটক করে।
এরপর বুধবার মধ্যরাতে শিবচরের চরমপন্থী অধ্যুষিত নিলখীর বাগমারায় তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে কিরণের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় কিরণ পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
তার বিরুদ্ধে চরমপন্থী শামীম হত্যাসহ একাধিক হত্যা, ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে বলে পুলিশের দাবি।
[b]মাদারীপুর,১৯ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]