হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে লাবিবা পরিবহনের একটি বাস। বিকেলে ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের ডান পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।
এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক করে।
মাদারীপুরের কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন। কয়েকজন আহত হলেও তারা সবাই শঙ্কামুক্ত।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএম





