শনিবার (২০ জুন) সকালে উপজেলার মোল্লাবাজার এলাকায় রেললাইনের পাশে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শুকরণ বেগম উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা মোকশেদপুর এলাকার বাসিন্দা এবং মোকশেদ হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোল্লাবাজারসংলগ্ন রেললাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শুকরণ বেগম শুক্রবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমএম