রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) সাংবাদিকদের ওপর ইন্টার্নি চিকিৎসকদের হামলার ঘটনায় চলমান সংকট নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ফজলে হোসেন বাদশার আহবানে অনুষ্ঠিত সভায় সাংবাদিক ও চিকিৎসক প্রতিনিধিরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
সভায় সাংবাদিক ও ইন্টার্নি চিকিৎসকরা নিজ নিজ অবস্থান তুলে ধরে বক্তব্য দেন। হাসপাতালের ভেতরে গণমাধ্যমকর্মীদের অবাধ প্রবেশে বাধা না দেয়া,তথ্য সরবরাহ করে সহযোগিতার দাবি জানানো হয় সাংবাদিকদের পক্ষ থেকে।
চিকিৎসকদের পক্ষ থেকেও কোনো ঘটনা ঘটলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাইয়ের পর মিডিয়া দেয়ার আহবান জানানো হয়। তবে কোনো সমঝোতা ছাড়াই গতকালের বৈঠক শেষ হলেও সাংবাদিক ও চিকিৎকদের দুজন করে প্রতিনিধি ও পরিচালকের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
রাজশাহী সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক শ.ম সাজু জানান,দুইপক্ষ বেশ কিছু বিষয়ে একমত পোষণ করলেও কিছু বিষয়ে ভিন্নমত রয়েছে। এ কারণে বিষয়টি সমাধানের জন্য ৫ সদস্যের কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। রামেক হাসপাতাল পরিচালকের নেতৃত্বে ওই কমিটিতে সাংবাদিক ও ইন্টার্নি চিকিৎসকদের দুজন করে প্রতিনিধি থাকবেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল আলম ফটিক, সিটি প্রেসক্লাবের সভাপতি জুলফিকার, সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, বিএমএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, রাজশাহী বিএমএ সভাপতি ডা. এসআর তরফদার প্রমুখ।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]