কিশোরগঞ্জে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংর্ঘষে ২০ জন আহত হয়েছেন। এ সময় মাসুদ এবং হিরা নামে ২ শ্রমিককে আটক করে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এ সংঘর্ষ চলাকালে ১০টি যাত্রীবাহী বাস ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪২ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
আহতরা হলেন, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল,এসআই মোমেন,এএসআই বেলাল,কনস্টেবল জাহেদুল ইসলাম,মো. মাসুম মিয়া,আবু সাঈদ,আফজাল রহমান ও আমিনুল ইসলাম।
এছাড়া ১০-১২ জন পরিবহন শ্রমিক আহত হয়েছেন। গ্রেফতার এড়াতে আহত পরিবহন শ্রমিকরা পরিচয় গোপন রেখে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল সাড়ে ১০টায় ঢাকাগামী অনন্যা পরিবহন নামের গেইটলক জেলা পুলিশ লাইন এলাকায় পৌঁছলে সিভিল পোশাকে ২-৩ জন পুলিশ সদস্য টিকেটবিহীন বাসে উঠতে চাইলে বাস শ্রমিকরা অপারগতা প্রকাশ করেন।
এ নিয়ে পুলিশ ও শ্রমিকদের কথা কাটাকাটির একপর্যায়ে ২ পুলিশ সদস্যকে বাস শ্রমিকরা বাসে তুলে বড়পুল মোড় এলাকায় নিয়ে যায়। সেখানে আটক পুলিশ সদস্যদের তারা মারপিট করে।
এ খবর পেয়ে জেলা পুলিশ লাইন থেকে পুলিশের কয়েকজন কর্মকর্তা কিশোরগঞ্জ-গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে যায়। সেখানেও তর্কে জড়িয়ে পড়েন পুলিশ ও পরিবহন শ্রমিকরা। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন হলে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে আধাঘণ্টা চেষ্টা চালিয়েও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। এ সময় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি কিছুটা পুলিশের নিয়ন্ত্রণে আসলে অতি উৎসাহী কয়েকজন পুলিশ সদস্য বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিকদের কার্যালয়ে হামলা চালায় ও শ্রমিকদের ওপর চড়াও হয়।
পুলিশের বেধড়ক লাটিপেঠায় পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ও জেলা পরিবহন শ্রমিক নেতারা আহত হন। এ সময় ২ বাস শ্রমিককে পুলিশ আটক করে। এ ঘটনার পর থেকে কিশোরগঞ্জ জেলার সঙ্গে ঢাকা-ময়মনসিংহ ও সিলেট রুটে যান চলাচল ৫ ঘণ্টা বন্ধ থাকার পর বিকাল ৫টার দিকে পরিবহন চলাচল শুরু হয়।
কিশোরগঞ্জ জেলা মালিক সমিতির সভাপতি মানিক আহম্মেদ বলেন, পুলিশ অযথা শ্রমিকদের ওপর হামলা করেছে।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫০ জনকে আসামি করে থানায় মামলা রুজু করেছে। আটক ২ শ্রমিককে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
[b]ঢাকা, ০৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২০
কিশোরগঞ্জে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংর্ঘষে ২০ জন আহত হয়েছেন। এ সময় মাসুদ এবং হিরা নামে ২ শ্রমিককে আটক করে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এ সংঘর্ষ





