রাজধানীর মিরপুরে ব্যবসায়ীর বাসায় কাজ করতে এসে লাশ হয়ে ফিরতে হলো খাদিজা বেগম (১৫) নামে এক কিশোরীকে। এ মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মরদেহ গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের শংকরপাশা গ্রামে পাঠানো হয়। এ সময় পরিবার লাশ দাফনে অস্বীকৃতি জানায়।
হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্তের পর তারা ব্যবস্থা নেবেন। খাদিজা ওই গ্রামের ইউসুফ আলীর মেয়ে।
ঘটনাস্থলে থাকা পুলিশের এসআই ফজলুর রহমান পরিবারের বরাত দিয়ে জানান, ৩ বছর আগে ওই কিশোরী রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা সালাউদ্দিন খানের বাসায় কাজ করত। সালাউদ্দিনের গ্রামের বাড়ি জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়াতে। সোমবার খাদিজা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে লাশ সন্ধ্যায় গ্রামের বাড়িতে পাঠানো হয়।
তবে খাদিজার বাবার অভিযোগ, তার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছে। এ জন্য লাশ তড়িঘড়ি করে দাফন করতে গেলে তিনি পুলিশে খবর দেন। রাত সাড়ে ৮টায় ঘটনাস্থলে পৌঁছেন এসআই ফজলুর রহমান।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হবে।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]