দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া ১২টি রাজনৈতিক দলের মধ্যে ১১টি তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। তবে গত বুধবার নির্ধারিত সময় শেষ হলেও জাতীয় পার্টি তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে পারেনি।
ইসি সূত্রে জানা গেছে, দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ব্যয় হয়েছে ২ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ৭১২ টাকা। বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) ব্যয় ৫৭ লাখ ৯৮ হাজার টাকা। জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) ব্যয় ১২ লাখ ৩৬ হাজার টাকা।
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির ব্যয় ৯৪ হাজার টাকা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ব্যয় ১ লাখ টাকা, গণতন্ত্রী পার্টির ব্যয় ৬০ হাজার টাকা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ব্যয় ৩৭ লাখ ৮১ হাজার, গণফ্রন্টের ব্যয় ২১ হাজার টাকা,
বাংলাদেশ তরিকত ফেডারেশনের ব্যয় ১ লাখ ১৬ হাজার ৬ শত ৭৫ টাকা, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী না থাকায় কোন ব্যয় হয়নি বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী প্রত্যাহার করায় কোন ব্যয় হয়নি।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন আশা করেছিল ৩ জুন বুধবারের মধ্যে সব দল হিসাব জমা দেবে। নির্বাচনে অংশ নেয়া ১১টি রাজনৈতিক দল ব্যয়ের হিসাব জমা দিলেও জাতীয় পার্টির হিসাব এখনো জমা দেয়নি।
নির্বাচনী আইন অনুযায়ী, গত ৩ জুন পর্যন্ত যে দল নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি সেই দলকে ১৫ দিনের জন্য ১০ হাজার টাকা জরিমানাসহ ব্যয়ের হিসাব দিয়ে দলের নিবন্ধন বহাল রাখতে হবে। তাতেও ব্যর্থ হলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে মামলাসহ নিবন্ধন বাতিল করতে পারবে।
এর আগে গত ২৩ এপ্রিল নির্বাচন কমিশনে দলীয় ব্যয়ের হিসাব দেয়ার নির্ধারিত সময় শেষ হয়। ওই সময়ের মধ্যে কোনো দলই হিসাব জমা দেয়নি। এরপর নির্বাচন কমিশন গত ৪ মে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, নির্বাচনে অংশ নেয়া ১২ দলকে সতর্ক করে ১ মাস সময় দিয়ে ব্যয়ের হিসাব জমা দেয়ার জন্য চিঠি দেয়।
ব্যাপক সহিংসতার মধ্যে গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে নবম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপিসহ অধিকাংশ দল নির্বাচন বর্জন করে। আর আওয়ামী লীগ ও সতন্ত্রসহ মোট ১৭টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।
এছাড়া নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হওয়ায় এ নির্বাচন নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়। এছাড়াও সারা দেশের মোট ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৯ শত ৭৭ জন ভোটারের মধ্যে ভোট দেয়ার সুযোগ পান ৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯ শত ৩৮ জন।
[b]ঢাকা, এএম, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // এসএইচ // এআর[/b]
শ্রেণীহীন
ইসিতে ১১ রাজনৈতিক দলের নির্বাচনী হিসাব
দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া ১২টি রাজনৈতিক দলের মধ্যে ১১টি তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। তবে গত বুধবার নির্ধারিত সময় শেষ হলেও জাতীয় পার্টি তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে পারেনি





