[b]ঢাকা:[/b]ব্লিটজ পত্রিকার সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় রায় আগামী ৯ জানুয়ারি ঘোষণার জন্য ধার্য করেছেন আদালত ।
মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক রায় ঘোষণার এই আদেশ দেন।
আজ মামলাটিতে হাইকোর্টের আদেশ দাখিলের জন্য দিন ধার্য ছিল।তবে ‘হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করা হয়েছে কিন্তু হাইকোর্ট বন্ধ থাকায় শুনানি করা যায়নি’ মর্মে আদালতকে জানান শোয়েব চৌধুরীর আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস।
এ সময় হাইকোর্টের আদেশ দাখিলের জন্য আদালতের কাছে সময় চান তিনি।
তবে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক সময়ের আবেদন নাকচ করে আগামী ৯ জানুয়ারি রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন।
শোয়েব চৌধুরীর আরেক আইনজীবী মাহবুব হোসেন রানা জানান,মামলার তদন্ত কর্মকর্তাসহ কয়েক সাক্ষীকে পুনরায় জেরার জন্য আবেদন করা হলে বিচারিক আদালত মামলাটি নাকচ করে দেওয়ায় হাইকোর্টে এ রিভিশন মামলা দায়ের করা হয়েছিলো।
শুনানি কালে আসামি শোয়েব চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। তিনি এ মামলায় জামিনে থাকলেও অন্য একটি মামলায় কারাগারে আটক আছেন। এর আগে মামলাটির বিচারকালে ২০ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
২০০৪ সালের ২৪ জানুয়ারি বিমানবন্দর থানায় দায়ের করা এ মামলার অভিযোগে বলা হয়,২০০৩ সালের ২৯ নভেম্বর অভিযুক্ত আসামি ইসরায়েল যাওয়ার উদ্দেশে তৎকালীন জিয়া বিমানবন্দরে(শাহজালাল রহ.)গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ’এডুকেশন টুয়ার্ডস কালচার অফ পিস’ শীর্ষক কনফারেন্সে উপস্থাপনের জন্য একটি ভাষণের কপি উদ্ধার করা হয়। ২০০৩ সালের ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এই কনফারেন্স হওয়ার কথা ছিল।
উক্ত ভাষণে বাংলাদেশে আল-কায়দাসহ ইসলামী জঙ্গিবাদী সংগঠনের তৎপরতার কথা উল্লেখ করা হয়। বাংলাদেশের মাদ্রাসাগুলোতে গেরিলা ট্রেনিংয়ের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বিন লাদেন, ইয়াসির আরাফাত ও সাদ্দামের পক্ষে যুদ্ধ করতে জিহাদের শিক্ষা দেয়া হয় বলেও উল্লেখ করা হয়।