মেহেরপুর: ভোট চাওয়াকে কেন্দ্র করে মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে একই পরিবারের তিন বোনসহ পাঁচজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ফুলজান নেছা (২৫), রাবিয়া খাতুন (৩৫), ফেদৌসী আক্তার (৩০), শহিদুল ইসলাম (৩০) ও রবিউল ইসলাম (৩৬)।
আহতদের মধ্যে তিন সহোদর ফুলজান, রাবিয়া ও ফেরদৌসীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।
আহত ফুলজান জানান, প্রতিবেশী তহির উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম ও সজিবুল ইসলাম আমাদের বাড়িতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের পক্ষে (ফুটবল মার্কায়) ভোট চান। এসময় আমরা নৌকা মার্কায় ভোট দেওয়ার কথা বললে আমাদের তিন বোনকে তরিক ও সজিব বেদম পিটিয়ে আহত করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান রাবেয়া খাতুন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম বলেন, পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।