মঙ্গলবার থেকে বৃহত্তর ময়মনসিংহের ৮ জেলায় ও রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে স্ব স্ব অঞ্চলের পরিবহন মালিক-শ্রমিক নেতারা। এরমধ্যে রাজশাহী বিভাগে গত রোববার থেকেই ধর্মঘট চলছে।
বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোণায় পরিবহন মালিক শ্রমিকদের ওপর আনসার সদস্যদের গুলিবর্ষণের প্রতিবাদে নেত্রকোণার জেলা প্রশাসক আবুল কালামকে প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহসহ ৮ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় ঢাকা বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
সোমবার দুপুরে ময়মনসিংহ শহরের জুবলীঘাটস্থ ময়মনসিংহ জেলা পরিবহন মোটর মালিক সমিতি কার্যালয়ে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইলসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের জেলা মালিক-শ্রমিকদের এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের আহবায়ক ও এফবিসিসিআই পরিচালক আমিনুল হক শামীম।
সম্মেলনে মালিক শ্রমিক নেতারা দাবি করেন, নেত্রকোণার জেলা প্রশাসক আবুল কালামকে অবিলম্বে নেত্রকোণা থেকে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে গুলিবর্ষণের নির্দেশ দাতাসহ দোষী ব্যক্তিদের তদন্তর্পূবক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মহাসড়কগুলোতে রেজিস্ট্রেশনবিহীন অবৈধ সিএনজি, অটো টেম্পু, নসিমন, করিমন, ভটভটি, চান্দের গাড়ি, ইজিবাইক প্রভৃতি গাড়ি চলাচল বন্ধ করতে হবে।
অন্যদিকে রাজশাহী বিভাগে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।
সোমবার সন্ধ্যায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে উত্তরাঞ্চলের পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে বিভাগীয় পর্যায়ের মতবিনিময় সভা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।
ধর্মঘট প্রত্যাহারের জন্য পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে মতবিনিময়ে বসেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহম্মদ। সভা চলাকালে পরিবহন মালিক-শ্রমিক নেতারা পর্যায়ক্রমে মহাসড়কে নসিমন করিমন চলাচল ও পুলিশি হয়রানির ফিরিস্তি তুলে ধরেন।
এ সময় রাজশাহী বিভাগের ৮ জেলার জেলা প্রশাসকগণ এসব বন্ধে কী ধরনের ব্যবস্থাগ্রহণ করেছেন তা পরিবহন নেতাদের জানান। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহম্মদ শ্রমিকদের দাবিগুলো পূরণের আশ্বাস দিয়ে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানান।
কিন্তু রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মুনজুর রহমান পিটার সাফ জানিয়ে দেন, আর কোনো আশ্বাস নয়, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। প্রশাসন যদি সত্যিই পরিবহন মালিক শ্রমিকদের দাবিগুলো পূরণে আন্তরিক হয়ে থাকে, তবে সেগুলোর বাস্তব রূপ দেখাতে হবে। এসব দাবিতে রোববার সকাল ৬টা থেকে ধর্মঘট কর্মসূচি পালিত হচ্ছে।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]