ঢাকা: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থীকে প্রতিনিধি নির্বাচিত করাকে চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
গনপ্রতিনিধিত্ব আদেশের ১৯ নম্বর বিধি বাংলাদেশ সংবিধানের ৭,১১,২৭,৩১,৬৫(২), ১২১, ১২২(১) ধারার সাথে সাংঘর্ষিক কিনা তাও জানতে চাওয়া হয়েছে।
একই সাথে একক প্রার্থীর ক্ষেত্রে তাকে জনগন পছন্দ করে কিনা এ ব্যাপারে হ্যা/না ভোটের ব্যাবস্থার জন্যও আবেদন জানানো হয়েছে।
মঙ্গলবার জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খন্দকার আব্দুস সালামের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান এম এস আজিম সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করেন।
রিট আবেদনে সচিব মন্ত্রীপরিষদ, আইন, নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুস সালাম বলেন, সংবিধানে বলা আছে, জনগন দ্বারা জনপ্রতিনিধি নির্বাচিত হবে। অথচ জনগনের ভোট ছাড়াই কেউ নির্বাচিত হবেন তা বলা নেই।
অথচ আমরা জানতে পেরেছি ১৫৪জন বা তার বেশি প্রার্থী সমোঝতার ভিত্তিতে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে। কারণ প্রধানমন্ত্রী বলেছিলেন, আমরা অন্যান্যদের সাথে সমোঝতার করে অনেক জায়গায় একক প্রার্থী দিয়েছি।
তিনি বলেন, কাউকে নির্বাচনে নির্বাচিত হতে হলে তাকে অবশ্যই জনগনের সামনে আসতে হবে। এজন্য তাকে নির্বাচিত করার ব্যাপারে হ্যা/না ভোটের ব্যাবস্থা করার নির্দেশনা চাওয়া হয়েছে।
অপরদিকে এ শুনানি শেষ না হওয়া পর্যদন্ত যারা এককভাবে নির্বাচিত হবেন, তাদেরকে যেন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা না হয় সে ব্যাপারেও আদেশ দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীতা প্রত্যাহারের দিন একক প্রার্থী থাকায় ১৫৪জনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর সূত্রতা ধরেই মূলত এ রিট
করা হয়েছে।





