কুষ্টিয়ার মিরপুরে জমিসংক্রান্তের বিরোধের জের ধরে  ইসা হক (৩৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের ভাই মোজাক্কার ও বোন দেলোয়ারাকে আটক করেছে।
মঙ্গলবার রাতে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্ঠিয়ারচর এলাকায় এঘটনা ঘটে।
নিহত ইসা হক ওই এলাকার আলী আকবরের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত ইসা হককে তার বাবা কিছুদিন পূর্বে তার সব জমি রেজিস্ট্রি করে দেয়। এই নিয়ে ইসা হকের সঙ্গে তার ভাই মোজাক্কার ও বোন দেলোয়ারার বিরোধ চলে আসছিল।
এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মোজাক্কার ও দেলোয়ারা অসমাপ্ত ঘরের জানালা দিয়ে ঢুকে ইসা হককে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
সহকারী পুলিশ সুপার ভেড়ামারা (সার্কেল) আশিক বীন হাসান জানান, জমিসংক্রান্ত বিরোধে ইসা হককে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের ভাই মোজাক্কার ও বোন দেলোয়ারাকে আটক করা হয়েছে।
[b]ঢাকা,কেকে, ২১ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]