শামীম ওসমানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ এবং সাত হত্যার সুষ্ঠু বিচার করতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছে ত্বকী মঞ্চ।
শুক্রবার সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি ও সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাত হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তকারী সংস্থার মাধ্যমে শামীম ওসমান ও নূর হোসেনের কথোপকথনের রেকর্ড প্রকাশ পেয়েছে। তাতে এই হত্যাকাণ্ডে শামীম ওসমানের সংশ্লিষ্টতা বেরিয়ে এসেছে। আমরা পত্রিকার মাধ্যমে তা জানতে পেরেছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘নূর হোসেন শামীম ওসমানেরই সৃষ্টি। তারই ছত্রচ্ছায়ায় তিনি বেপরোয়া ও গডফাদারে পরিণত হয়েছিলেন। শামীম ওসমানই নূর হোসেনকে দেশের বাইরে পালিয়ে যেতে সাহায্য করেছেন বলেও আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি। ২৭ এপ্রিল সাতজন অপহরণের পর শামীম ওসমান বলেছিলেন, নূর হোসেন এ কাজ করেননি। কিন্তু বিভিন্ন ঘটনাবলির মধ্য দিয়ে সাত হত্যাকাণ্ডের সঙ্গে শামীম ওসমানের সংশ্লিষ্টতার সংবাদ প্রকাশিত হচ্ছে। শামীম ওসমানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ এবং এই হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]