সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর এলাকায় সুরমা নদীতে যাত্রীবাহী একটি নৌকায় আগুন লেগে ৩ জন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ইঞ্জিনচালিত ওই নৌকায় করে নারী, শিশুসহ শতাধিক শ্রমিক কিশোরগঞ্জের ইটনার উদ্দেশে রওয়ানা হন। রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর এলাকার সুরমা নদীতে পৌঁছলে হঠাৎ করে নৌকার রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনে পুড়ে এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়। নৌকায় আগুন লাগলে কিছু যাত্রী সাঁতরে নদীর তীরে ওঠেন।
নৌকা থেকে সাঁতরে তীরে আসা খালিয়াজুর উপজেলার পাঁচহাত গ্রামের আব্দুল হেলিম জানান, তার ১১ বছরের ছেলে কোহিনুর ইসলাম নিখোঁজ রয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হারুন-অর-রশিদ জানান, দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
[b]সুনামগঞ্জ, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]





