[b]ঢাকা:[/b] চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির পরবর্তী কর্মসূচি ঠিক করতে  বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলের  শীর্ষ নেতাদের  সাথে আজ সোমবার রাত ৮টার সময় বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশানে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিরেধীজোটের বর্জন, হরতাল এবং অবরোধের মধ্যেই গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল ১০ম জাতীয় সংসদ নির্বাচন। একতরফা নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যদের শপথও অনুষ্ঠিত হলো। এমনকি গঠিত হলো নতুন মন্ত্রী পরিষদ এবং শপথ নিলেন নতুন মন্ত্রীরা।
অনেক নাটকীয়তার জন্ম দিয়ে নতুন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদ, যাকে এরইমধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ দূত করা হয়েছে। মন্ত্রী পদমর্যাদায় এ পদে তিনি একজন পূর্ণ মন্ত্রীর সব সুযোগ সুবিধা ভোগ করবেন।
এদিকে, বিরোধী দলের আন্দোলন কঠোর হাতে দমন করার ঘোষণা দিয়েছেন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর আসনে আসীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
দেশের এই সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে একতরফা নির্বাচনে গঠিত সরকারের পতন ঘটিযে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে শিগগিরই আরেকটি জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়ে ১৮ দলীয় জোটের নেতাদের সাথে বৈঠকে বেগম জিয়া শলা-পরামর্শ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।