[b]নাটোর: [/b]নাটোরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালের এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছে। এর আগে সকাল সাড়ে ৯টায় স্টেশনে একটি ট্রেনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে হরতাল-সমর্থকরা।
নাটোর রেলস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ২৮ মিনিটে নাটোর স্টেশনে পৌঁছায়। এ সময় যাত্রীবেশী কয়েকজন হরতাল-সমর্থক আচমকা ট্রেনটির গার্ডরুমে পেট্রল বোমার বিস্ফোরণ ঘটায়। এতে সেখানে তাত্ক্ষণিকভাবে আগুন ধরে যায়।
রেলের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। একই সময় হরতাল-সমর্থকরা ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনায় ট্রেনের নয়জন যাত্রী আহত হন।
এ ঘটনার পর রেলস্টেশন এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে জেলা যুবদলের সভাপতি আফতাব হোসেনসহ পাঁচজন আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোরের স্টেশন মাস্টার অশোক কুমার জানান, হরতাল-সমর্থকেরা ট্রেনের যাত্রীদের মধ্যে লুকিয়ে ছিল। তাই আমাদের নিরাপত্তা রক্ষীরা তাদের শনাক্ত করতে পারেনি। খুব অল্প সময়ের মধ্যে তারা নাশকতা ঘটিয়ে পালিয়ে যায়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।





