জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর এলাকা থেকে ৪৮ বোতল ফেনসিডিলসহ সেনাবাহিনীর এক মেজরকে আটক করেছে পুলিশ।জানা যায়, আটক মেজরের নাম ইমতিয়াজ নাসিম।
বুধবার দিনগত রাত ১টার দিকে তাকে ও তার দুই সঙ্গীকে আটক করা হয়।
খবর পেয়ে সকালে ঘাটাইল সেনানিবাস থেকে কয়েকজন কর্মকর্তা বকশীগঞ্জ থানায় এসেছেন।
সেনানিবাস সূত্রে জানা যায়, মেজর ইমতিয়াজ চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।
তার সঙ্গীরা হলেন-শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার মামুন ও ময়মনসিংহ সদরের ৫২ ছোট বাজার এলাকার আবু সাইদ।
বকশীগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি,তদন্ত) নুরুল ইসলাম খান জানান, মেজর ইমতিয়াজসহ তিনজন প্রাইভেটকারে করে কুড়িগ্রামের রাজিবপুর থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন। তাদের সঙ্গে মাদক রয়েছে এমন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে পথে বকশীগঞ্জের কামালপুর এলাকায় পুলিশ প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালায়। এসময় তাদের গাড়িতে একটি শপিং ব্যাগে রাখা ৪৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে মেজরসহ তিনজনকেই আটক করে বকশীগঞ্জ থানায় আনা হয়।
[b]জামালপুর,৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]