চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা শুরু হয়েছে। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বেলুন ও কবুতর উড়িয়ে শুক্রবার বিকাল ৪টা ২৩ মিনিটে খেলার উদ্বোধন করেন।
খেলা পরিচালনা কমিটির সভাপতি জরুল লাল হাজারী জানান,খেলায় অংশ নিতে দেশ সেরা আলম বলীসহ ৬৫ জন নাম নিবন্ধন করেছেন। এবার এ বলী খেলার ১০৫তম আয়োজন। মেলা দেখতে লালদিঘী মাঠের চারপাশে সমবেত হয়েছে হাজার হাজার মানুষ।
প্রচণ্ড গরমের তীব্রতা উপেক্ষা করে বৃহস্পতিবার থেকেই নগরীর লালদিঘীর পাড়কে কেন্দ্র করে ২ কিলোমিটারব্যাপী এলাকায় জমে উঠেছে ৩ দিনের বৈশাখী মেলা।
প্রতি বছর বলী খেলাস্থলে তিল ধারনের ঠাঁই থাকে না। দিনদিন এ বলী খেলার প্রচার-পরিচিতি দুটোই বেড়েছে। দেশের আরও কিছু স্থানে বলী খেলা অনুষ্ঠিত হয়ে আসলেও কালের পরিক্রমায় সে সব আয়োজন প্রায়ই বন্ধ হয়ে গেছে। কোনো কোনো এলাকায় আয়োজিত হলেও তা ক্ষুদ্র পরিসরে।
কিন্তু জব্বার মিয়ার বলী খেলা ও বৈশাখী মেলা এখনও ধরে আছে তার কীর্তিময় ইতিহাস। প্রথম দিকে এখানে শুধু বলী খেলাই অনুষ্ঠিত হতো। পরে যোগ হয় বৈশাখী মেলা।
মেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ পুরষ্কার ছাড়াও খেলায় অংশগ্রহণকারী প্রায় ৫০ জনকে দেওয়া হবে বিশেষ পুরষ্কার।
আয়োজক সূত্রে জানা গেছে,প্রতিবছর বাংলা বছরের ১২ বৈশাখে ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হয়। এটি ঐতিহ্যবাহী হওয়ার পেছনে রয়েছে বর্ণাঢ্য ইতিহাস। ১৩১৫ বঙ্গাব্দের (১৯০৯ খ্রিস্টাব্দ) ১২ বৈশাখ বলী খেলার আয়োজন করেন বক্সিরহাটের তৎকালীন প্রভাবশালী সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ আবদুল জব্বার সওদাগর। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ সমাজকে অনুপ্রেরণা যোগানোই ছিল তার মূল লক্ষ্য। তারপর থেকে হাঁটি হাঁটি পা পা করে জব্বার মিয়ার বলী খেলা ও বৈশাখী মেলা উপমহাদেশের বাঙালি সংস্কৃতির অন্যতম অনুসঙ্গে পরিণত হয়েছে।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]