ছেলে জিহাদকে (২) ঘুমন্ত অবস্থায় রেখে পাশের কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন মা জোনাকি বেগম। ঘুম ভেঙে খাট থেকে নামতে গিয়ে শিশুটি পড়ে যায় ধান সেদ্ধ করার বড় ডেকচির মধ্যে। ডেকচি পানিতে পূর্ণ থাকায় সেখানেই মৃত্যু হয় তার। মা ফিরে এসে পান মৃত ছেলেকে।বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা  ইউনিয়নের চন্দ্রপুর বিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির বাবার নাম মাহবুবুর রহমান।
পুলিশ ও এলাকাবাসী  জানান, জোনাকি বেগম জিহাদকে নিয়ে বাবার বাড়ি বিরুয়াপাড়ায় ভোট দিতে এসেছিলেন। তিনি বিরুয়াপাড়ার ভোটার।  দুপুরে শিশুটিকে ঘুমন্ত অবস্থায় রেখে তিনি পাশের কেন্দ্রে ভোট দিতে যান।  মায়ের অনুপস্থিতিতে সম্ভবত শিশুটির ঘুম ভেঙে যায়। খাট থেকে নামার সময় সে পড়ে যায় নিচে থাকা ধান সেদ্ধ করার ডেকচিতে। ডেকচি ভর্তি ছিল পানি। সেখানেই মৃত্যু হয় শিশুটির। ভোট দিয়ে বাড়ি ফিরে এসে মৃত সন্তানকে দেখতে পান মা।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘শুনেছি একটি শিশু পানিতে পড়ে মারা গেছে। তার মা ভোট দিতে গিয়েছিল। এসে শিশুটিকে মৃত অবস্থায় পায়।’
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজিবিডি.কম) // জেআই