ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় সফিউল আলম সফি (৩৭) ও ইসমাঈল হোসেন রাব্বানী (২৬) ২ জন নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাতে সীতাকুণ্ডে মাদামবিবির হাট এবং নগরীর সিটি গেইট এলাকায় এসব দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামত এলাকার ছাবির সওদাগরের পুত্র সফিউল আলম রাতে ফৌজদার হাট তুলাতলিস্থ শশুর বাড়ি থেকে রাতে স্বপরিবারে নিজ বাড়িতে ফিরে যাচ্ছিলেন। তাদের বহণকারী সিএনজি টেক্সীটি রাত ১১টার দিকে মাদামবিবির হাট এলাকায় পৌছলে এসময় পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে সফি’র মৃত্যু হয়। তার স্ত্রী বেবী আহত হয়। স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে বার আউলিয়া থানার ওসি জাকির হোসেন দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, শুনেছি একটি এক্সিডেন্ট হয়ে একজন মারা গেছেন। এখনো বিস্তারিত তথ্য পাইনি।
এদিকে এর আগে রাত পৌনে ১০টার দিকে নগরীর আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় ইসমাঈল হোসেন রাব্বানী নামে যুবক নিহত হয়েছেন।
রাব্বানী সন্দ্বিপ উপজেলার মাইটভাঙ্গা গ্রামের আবুল খায়েরের পুত্র। তারা নগরীর হালিশহর বি-ব্লকে সপরিবারে বসবাস করেন।
হালিশহরের স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাব্বানী মোটর সাইকেল চালিয়ে সীতাকুণ্ডের ছলিমপুর এলাকা থেকে হালিশহরস্থ বাসায় আসার সময় রাত পৌনে ১০টার দিকে সিটি গেইটের আগে গ্ল্যাস্কো ওয়েলকাম কারখানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে গেলে পিছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।
আকবর শাহ থানার অফিসার ইন চার্জ(ওসি) আব্দুল মজিদ জানান, গুরুতর অবস্থায় পথচারীরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা রাব্বানীকে মৃত্যু ঘোষণা করেন। লাশটি মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ

[/b]