[b]লন্ডন:[/b] ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসেল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল ম্যানসিটি। একই দিনে স্টোক সিটির বিপক্ষে লুইজ সুয়ারেজের জোড়া গোলে ৫-৩ গোলে জয় পেয়েছে লিভারপুল।
সেন্ট জেমস পার্কে আট মিনিটে আলেক্সান্দার কোলারোভের ক্রস থেকে ম্যানসিটির উদ্বোধনী গোল করেন এডিন জেকো। খেলার ৩৩ মিনিটে ম্যানসিটির জালে বল জড়িয়ে দিয়ে গোল শোধ করার আনন্দে মেতে ওঠেন চেইক তিওতে। কিন্তু সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে অফ সাইডের ঘোষণা দিয়ে গোল বাতিল করেন রেফারি জোন্স।
স্বাগতিকরা এরপর সমতা ফেরাতে বেশ কয়েকবার চেষ্টা করলেও জো হার্ট গোলপোস্ট শক্তভাবে রক্ষা করেছেন। তবে শেষ অর্ধের যোগ করা সময়ে কাউন্টার অ্যাটাক থেকে আলভারো নেগ্রেদোর গোলে জয় সুনিশ্চিত হয় ম্যানুয়েল পেল্লেগ্রিনির দলের।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389598740.jpg[/img]
এদিকে ব্রিটানিয়া স্টেডিয়ামে লিভারপুল দুই গোলে এগিয়ে গেলেও দারুণ পারফরমেন্সে সমতায় ফেরে স্টোকসিটি।
পাঁচ মিনিটের মাথায় রায়ান শোক্রসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় রেডরা। ৩২ মিনিটে সুয়ারেজ ব্যবধান দ্বিগুণ করেন। কিন্তু প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগেই পিটার ক্রাউচ ও চার্লি অ্যাডামের গোলে সমতা ফেরায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের ছয় মিনিটে স্টিভেন জেরার্ডের পেনাল্টি থেকে এগিয়ে যায় লিভারপুল। এরপর সুয়ারেজের বাঁকানো শটে ৪-২ গোলে জয় অনেকটাই নিশ্চিত হয় তাদের। লিগে চলতি মৌসুমে ২১তম গোল করলেন উরুগুইয়ান তারকা। শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগে স্টোক সিটির জোনাথন ওয়াল্টার্স গোল করে ব্যবধান কমালেও তাদের কফিনে শেষবারের মতো পেরেক ঠুঁকে দেন ড্যানিয়েল স্টারিজ।
রোববারের ম্যাচে জয়ের ফলে ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ম্যানসিটি থেকে এক পয়েন্ট কমে দ্বিতীয়স্থানে আছে চেলসি। এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা আর্সেনালের পরেই আছে লিভারপুল। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট রাফা বেনিতেজের দলটির।