ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারকে গ্রেফতারের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী মাহবুবা হাসনাত নাসরিন।
তিনি বলেন, ‘পুলিশ প্রকৃত আসামিদের আড়াল করতে চাইছে। হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার কিলার আবিরের স্বীকারোক্তি থাকার পরেও সংসদ সদস্য নিজাম হাজারীর সহযোগী জাহাঙ্গীর কবির আদেলকে গ্রেফতার করছে না পুলিশ।’
স্থানীয় একটি রেস্টুরেন্টে বৃহস্পতিবার এ সংবাদ সম্মেলন করেন মাহবুবা নাসরিন।
লিখিত বক্তব্যে মিনারের স্ত্রী বলেন, ‘হত্যার মূল পরিকল্পনাকারী জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল ও যুবলীগ নেতা জিয়াউল আলম মিস্টার নিজাম হাজারীর বাসায় রয়েছেন এমন প্রমাণ থাকার পরেও পুলিশ তাদের গ্রেফতার করছে না।’ অবিলম্বে নিজাম হাজারীর গ্রেফতার দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিনারের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী, মেয়ে নাদিয়া নাতাশা আহমেদ চৌধুরী।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]